হুমায়ূন আহমেদ : তারা’র মতো মাটির মানুষ । অজয় দাশগুপ্ত
আমি তখন দশম ক্লাসের ছাত্র। চট্টগ্রামের নন্দনকাননের দ্বিতীয় গলিতে থাকি। এই গলিটির নাম গোলাপ সিংহ লেন। এই গোলাপ সিংহও একজন বিখ্যাত মানুষের পিতা। ব্রিটিশবিরোধী আন্দোলনে সূর্য সেনের সহযোদ্ধা, পরে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নামে পরিচিত জন অনন্ত সিংহ। গোলাপ সিংহ ছিলেন তাঁর বাবা।
পাশের গলিটির নাম হরিশ দত্ত লেন। সেটি পায়ে হাঁটায় দশ মিনিটের পথ। সে গলিতে স্বাধীনতার পর ব্যবসায়ী ও মুক্তমনের মানুষ কুদ্দুস সাহেবের অফিস। তিনি একটি পত্রিকাও বের করতে শুরু করেছিলেন, যার নাম ‘দৈনিক মিছিল’। আমি ছেলেবেলা থেকেই ছড়া লিখতে ভালোবাসতাম। স্বাধীনতার পরপর দেশের দৈনিক পত্রিকায় হরদম ছড়া ছাপা হওয়ার কারণে পরিচিতি পেতে সমস্যা হয়নি। এই ছড়াবেলার এক অপরিসীম আনন্দ আর ছড়া ছাপানোর উৎস ছিল দৈনিক মিছিলের ছোটদের পাতা।
দৈনিক মিছিলের সম্পাদক ছিলেন প্রয়াত খন্দকার আখতার আহমেদ। তিনি নিজে ছড়াকার, ভালো গদ্য লিখতেন। রাশভারী আখতার ভাইয়ের সঙ্গে দু-চারটা কথার বাইরে কথা এগোত না কারও। কিন্তু কেমন করে জানি আমি তাঁর নজরে পড়ে গেলাম। স্কুল যেতে, স্কুল থেকে ফিরতে, মাঝে মাঝে স্কুলে না গিয়ে মিছিল অফিসে যেতাম। এভাবে বেড়ে ওঠা সম্পর্কের গোড়াতে একদিন আখতার ভাই আমাকে কিছু একটা দেবেন বলে বসিয়ে রাখলেন। সবাই চলে যাওয়ার পর শার্টের ভেতর থেকে ঘামে ভেজা চটি একটা বই বের করলেন তিনি। আমি তো রীতিমতো ঘামছি। বড় ভাই তিনি। কড়া সম্পাদক। তিনি এমন কী গোপন বই দিচ্ছেন আমাকে, যা বুকের ঘামে ভেজা?
হাতে ধরিয়ে দিয়ে বললেন, উল্টেপাল্টে দেখলে চলবে না। মন দিয়ে পড়বে। পড়ার পর আমাকে বলতে হবে কী পড়লে এবং কী কী ভালো লেগেছে। আমি মাথা নেড়ে বইটি নিয়ে চলে এলাম। বাসায় ফিরে দেখি, হুমায়ূন আহমেদ নামে অজানা এক মানুষের ছোট একটা বই। খান ব্রাদার্স থেকে প্রকাশিত বইটি ছিল নিতান্তই দরিদ্র এক প্রকাশনা। ফন্টগুলো ছেঁড়াখোঁড়া, প্রুফ কাটলে বোঝাই যেত না এটা ছাপা, না হাতের লেখা বই। বইটা নিলাম খুলে পড়ব বলে। দু-এক পাতার পর ভালো লাগছিল না। কিন্তু আখতার ভাই নাছোড়বান্দা মানুষ। তিনি জানতে চাইবেন কেমন লাগল। সে ভয়ে আবার পড়তে শুরু করলাম।
এরপর আমি প্রায় সপ্তাহখানেক মিছিল অফিসে যাইনি। এর-ওর মারফত খবর পাচ্ছিলাম, আখতার ভাই আমাকে খুঁজছেন। যেদিন গেলাম, তাঁর চোখ দুটো ফেটে রাগ বেরোচ্ছিল আগুনের মতো। আমার চেহারা দেখে শান্ত হয়ে বললেন, বইটা কোথায়? আমি সযত্নে কাগজে মোড়ানো বইটি তুলে দিতে দিতে বললাম, বইটা বারবার পড়ার জন্য আসতে দেরি হয়েছে। অবাক হয়ে তিনি তাকিয়ে থাকলেন। আমার তখন মনের ভেতর চরিত্রগুলো ভিড় করছে একের পর এক। বললাম, অনেক কেঁদেছি এটা পড়ে।
তখন আমাদের জীবন আচ্ছন্ন করা লেখক, বিমল মিত্র, সমরেশ বসু, যাযাবর, নিমাই ভট্টাচার্য এঁরা। সবেমাত্র উঁকি দিচ্ছেন সুনীল। সে সময়ে সদ্য স্বাধীন দেশের নামগোত্রহীন এক লেখকের বই এমন হতে পারে, স্বপ্নেও ভাবিনি। এরপর আখতার ভাই আমাকে আরও একখানা বই দিলেন। সেই বই, শঙ্খনীল কারাগার। সেটি পেয়ে আমি আবার ডুব মারলাম। যেদিন ফেরত দিতে গেলাম, তিনি উল্টো চা-সিঙাড়া খাইয়ে বললেন, এটা কেমন লাগল? আমি মাথা নাড়তে নাড়তে বলেছিলাম, এবার আর কাঁদিনি। কিন্তু ক'দিন ধরে বুকের ভেতর থেকে কী যেন উঠে এসে গলার কাছে ভারী হয়ে বসে ছিল। এই মানুষ তো লেখক না জাদুকর!
সেভাবেই আমার হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়। তারপর? তিনি সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশের মতো বড় হয়ে উঠলেন। হুমায়ূন আহমেদ আর কেবল লেখক থাকলেন না। হয়ে উঠলেন দেশের সেরা নাট্যকার। একটা মাত্র টিভি চ্যানেল। সাদাকালো টিভির অপূর্ব সব রঙিন ধারাবাহিক। এইসব দিনরাত্রি, অয়োময়, কোথাও কেউ নেই—সব মিলিয়ে একাই তিনি একশো। বাংলাদেশের মানুষের জীবনে এমন বিনোদন আর কেউ দিতে পারেননি। কোনো মানুষের নাটক এবং নাটকের চরিত্রটি মরবে, না কি বাঁচবে, তা নিয়ে এমন হৈচৈ আর কবে হয়েছে? আজ যখন পেছন ফিরে দেখি, সেই নাটকের নির্মাতা নেই, সেই চরিত্র বাকের ভাই থেকেও নেই। নেই সেই দিনরাতের গল্প।
তিনি যতদিন ছিলেন, রমরমা সব। তাঁর জীবন নিয়েও রসে-রঙিন বাঙালি। হুমায়ূন আহমেদ এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় লেখক। নবীনদের অনেকেই এখন তুমুল জনপ্রিয়। তাদের হাতে সামাজিক মিডিয়া। ডিজিটাল যুগ তাদের দিয়েছে অনেক গতি। তাদের অনেকেই মনে করে হুমায়ূন আহমেদকে ছাপিয়ে গেছেন অথবা যাবেন। কিন্তু আমি মনে করি, এটা অসম্ভব।
মাথাভারি লেখাও পড়ি বৈকি। রেফারেন্স হিসেবে লাগে। চিরতার পানিও খেতে হয়। শরীরে লাগে। না, তা শরবত না, সুস্বাদু। আপনারা যারা বড় বড় লেখক, নাক উঁচু, জীবনমুখী, ক্লাসিক, মহাকালজয়ী, জি জি, আপনাদের বই কিনি। সাজিয়ে রাখি, যাতে নিজের মান দণ্ডায়মান থাকে। কিন্তু গোপনে এই লোকটার হালকা চালের লেখা বইটা নিয়ে সরে পড়ি। ধরেন যে উড়োজাহাজে হাজার হাজার মাইল পাড়ি দিতেছি। মাথার ওপর নীলাকাশ, নিচে সমুদ্র। তখন কি তত্ত্ব না জীবনঘনিষ্ঠ লেখা পড়ব? বাংলাদেশ ভ্রমণ।
তখন জীবন নিজেই হাতের মুঠোয় ছটফট করে আর এই লোকটার গল্প, জীবনকাহিনি, হাসি-কান্নার কথা পড়ে ভুলে যাই আমি আসলে ওপরে না নিচে? বিশ্বাস করেন, আমি টিভি নাটক দেখি না। ভাষার পশ্চাৎদেশে এমন বাঁশ দেওয়া ডায়লগ কাঁহাতক? অথচ কী আশ্চর্য, বিদেশে আসার পর ভিডিও ক্যাসেটে বহুব্রীহি দেখতাম আর কাঁদতাম। জানেন, বুড়ো হওয়ার পথে তখন। বিয়ে করে ছেলেও হয়েছে। কিন্তু বুকের পাটা ছিল না কোথাও কেউ নেই-এর শেষ পর্ব দেখার। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভাবছি, বাকের ভাই মরেনি।
পারছেন এমন একটা নাটক লিখতে, যার শেষ পর্ব প্রচারিত হওয়ার দিন সকালে মূল চরিত্র বেঁচে আছে—এমন ছবিসহ নিউজ করতে হয়, যেন দেশে মারদাঙ্গা না লাগে। মুক্তিযুদ্ধের এত কাহিনি, এত এত সেমিনার, ‘কই তুই রাজাকার’কে কেউ অতিক্রম করতে পারলেন? তাও এক নিরীহ টিয়ার বলা গালি। হয়ে গেল চিরআতঙ্ক। যতই বলেন, এই মাঝারি মানের লেখকের গোড়ার দিকের লেখা উপন্যাস পড়ে গলায় দম আটকানো কষ্ট ছিল কয়েক রাত। তাঁর বই বের হওয়ার আগে বাংলাদেশের লেখকের বই বিয়ে বা কোনো অনুষ্ঠানে উপহার দেওয়া যায়, এটা কারও মাথায়ই ছিল না।
সীমাবদ্ধতা অনেক। জনপ্রিয়তার দায় চুকাতে বেশি লেখা, যেনতেন নাটক-সিনেমা বানানো, প্রেম করা, বিয়ে ভেঙে কন্যার বন্ধুর প্রেমে পড়া। কিন্তু কী জানেন, এগুলো করতেও নামযশ, বুকের সাহস লাগে। গোপনে জল খাওয়া আমরা কোনটা পারি না। সব মিলিয়ে মজার ও বিচিত্র এক মানুষ। ভালো করে কথা বলতে পারতেন না, লাজুক, অন্তর্মুখী। অথচ সেরা কথাসাহিত্যিক। দুই বাংলার বেস্ট সেলার। মৃত্যুর পর যত মানুষ শ্রদ্ধা জানাতে গিয়েছিল, অনেক নেতা, অভিনেতা, নায়কের বেলায়ও তা হয় না। তিনি-ই ওয়ান অ্যান্ড অনলি হুমায়ূন আহমেদ। আমার মতো স্বল্প মেধা, কম জানা, মাঝারি মানের মানুষের বড় প্রিয় লেখক।
জন্মদিনে শ্রদ্ধা।
অজয় দাশগুপ্ত : ছড়াকার ও কলামিস্ট। সিডনি, অস্ট্রেলিয়া।




