সিডনির ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ২০২৬ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সিডনির বাংলাদেশী অধ্যুষিত ক্যাম্বেলটাউনের ইংগেলবার্ন-এর হ্যালিনান পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একুশে মেলা ২০২৬। মেলাটির আয়োজক সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন। সিডনির বিভিন্ন সংগঠন ও প্রবাসী কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুনের নেতৃত্বে প্রভাত ফেরির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্থানীয় কাউন্সিলর মাসুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
মেলার প্রথম পর্বে অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় লেখকদের আলোচনা সভা। “একুশের চেতনা এবং সমসাময়িক ভাবনা” শীর্ষক এই আলোচনায় বিভিন্ন দেশের স্বনামধন্য লেখকদের অংশগ্রহণে পর্বটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ভাবগম্ভীর। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়ান কবি Glenn Cossar, কথাসাহিত্যিক ও অধ্যাপক আলী কাজী, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিঙ্কন, কথাসাহিত্যিক আরিফুর রহমান, প্রাবন্ধিক ও কলামিস্ট নির্মল পাল, লেখক ও চিকিৎসক শাফিন রাশেদ, পড়ুয়া আসরের সম্পাদক ও লেখক নাসরিন মোফাজ্জল এবং লেখক কাশফি আলম।
মেয়র ডারসি লাউল্ডের কাছ থেকে প্রশান্তিকা বইঘরকে দেয়া মেলা কর্তৃপক্ষের দেয়া সম্মাননা গ্রহণ করেন কথাসাহিত্যিক আরিফুর রহমান। ছবি- অশোক অধিকারী
মেলা কর্তৃপক্ষ এবছর থেকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা ” ঘোষণা ও পুরস্কার প্রদান করে। মাতৃভাষা রক্ষা ও সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। এবছর সম্মাননা দেয়া হয়-নেপালী ভাষা শিক্ষা স্কুল পাঠাশালা (বারডিয়া); বালারমালার তামিল এডুকেশনাল অ্যাসোসিয়েশন; ওয়েস্টার্ন সিডনি উর্দু স্কুল; বাংলা পাঠশালা-বারডিয়া; ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল; বারডিয়া স্কুলের সভাপতি ড. রফিকুল ইসলাম এবং সিডনি ভিত্তিক বাংলা বই বিক্রেতা প্রশান্তিকা বইঘর। প্রত্যেক প্রতিষ্ঠান ও সম্মাননীয়কে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি লাউন্ড। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, এমপি নাথান হ্যাগার্টি, কাউন্সিলর আশিকুর রহমান আ্যশ, কাউন্সিলর এলিজা আজাদ রহমান ও কাউন্সিলর শিরিন আখতার, কমিউনিটি নেতৃবৃন্দ প্রমুখ।
মেলায় বইয়ের পসরা নিয়ে আসে প্রশান্তিকা বইঘর, কারুকার্য প্রকাশনী, বিভিন্ন কুটির শিল্প এবং রকমারি খাবারের স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলা মেলায় অসংখ্য মানুষের সমাগম হয়। সিডনির নান্দনিক আলোকচিত্র শিল্পী এডওয়ার্ড অশোক অধিকারী ছবি তোলার দায়িত্বে নিয়োজিত ছিলেন। মেলা উপলক্ষে একটি শৈল্পিক সাময়িকী ‘ধারা’ প্রকাশিত হয়। চমৎকার ম্যাগাজিনটি সম্পাদনা করেন লরেন্স ব্যারেল।
মঞ্চে রাত ৯টা পর্যন্ত চলে একটানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী ঘোষণায় আয়োজকদের পক্ষ থেকে প্রধান সংগঠক কায়সার আহমেদ আগামী বছর ২০২৭ সালে রমজানের কারণে এক সপ্তাহ এগিয়ে ৬ ফেব্রুয়ারি একুশে মেলার তারিখ ঘোষণা দেন।




