ইতালিতে পাঞ্জেরী কর্ণধার কামরুল হাসান শায়ককে সংবর্ধনা ও সাহিত‍্য আড্ডা 

ইতালিতে পাঞ্জেরী কর্ণধার কামরুল হাসান শায়ককে সংবর্ধনা ও সাহিত‍্য আড্ডা 

প্রশান্তিকা ডেস্ক : প্রবাসে কিংবা স্বদেশে, যেখানেই বাঙালিরা বাস করেন, সেখানেই বাঙালি সংস্কৃতিচর্চা ও বই পড়ার আন্দোলনের প্রসার ঘটানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট লেখক কামরুল হাসান শায়ক। গত ২৫ অক্টোবর রবিবার ইতালির রাজধানী রোমে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে কামরুল হাসান শায়ক এ আহ্বান জানান।

ফ্রাঙ্কফোর্ট আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের পর ইংল‍্যান্ড, স্পেন, ইতালিসহ বেশ কয়েকটি দেশে সফর শেষে তিনি নিজ বাসস্থান মেলবোর্নে ফিরে এসে প্রশান্তিকার সঙ্গে এক আলাপচারিতায় কামরুল হাসান শায়ক বলেন, ইতালির রোমে লেখক, কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের অংশগ্রহণে বেশ জমজমাট আড্ডার এক সন্ধ্যা কেটেছে। আলোচনায় সমৃদ্ধ হয়েছি, ভালোবাসায় সিক্ত হয়েছি। প্রবাসে বাংলা বইয়ের অভাব এবং পাঠের চর্চা বাড়ানোর উদ্যোগ নিতে বাংলা প্রেসক্লাব ইতালির জন্য একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলার উদ্যোগ বেশ ইতিবাচক। আমি এই উদ্যোগে সর্বাত্মকভাবে আছি।

জনাব শায়ক আরও বলেন, আমরা চার মূলনীতি নিয়ে কখনো ভাবিনি। ভেবেছি হয়তো অর্থনীতি নিয়ে। তথ্য, প্রযুক্তি ও বিজ্ঞানের সঙ্গে বই এবং বাঙালি সংস্কৃতিচর্চার মাধ্যমে চিন্তার উৎকর্ষ সাধন করতে হবে। স্বদেশে ও প্রবাসে বই পড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়াতে হবে। অগ্রসর চিন্তা করতে হবে। আমরা বড় বড় প্রজেক্ট বানিয়েছি, কিন্তু মানুষের সৃজনশীলতা ও মানবিকতা নিয়ে ভাবিনি। এটাই সবচেয়ে দুঃখজনক।

বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে রবিবার সন্ধ্যায় রোমের প্রখ্যাত সিলেট কফি শপে এই আড্ডা ও আলাপচারিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মাইনুল আলম খোকন, কামরুজ্জামান রতন, কবি ও সাহিত্যিক আলতাফ হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা, নজরুল ইসলাম, নারী নেত্রী জহুরা ঈশিতা, বৃহত্তর সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদসহ ইতালিপ্রবাসী বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।