সিডনিতে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে ২৭তম বইমেলা অনুষ্ঠিত

সিডনিতে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে ২৭তম বইমেলা অনুষ্ঠিত

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সিডনিঅ্যাশফিল্ড পার্ক প্রাঙ্গণে একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক–এর আয়োজনে দিনব্যাপী ২৭তম বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এই বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত।

সকাল ৯টা ২১ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রভাতফেরির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সংগঠনের সভাপতি ডা. সুলতান মাহমুদ আনুষ্ঠানিকভাবে “একুশে বইমেলা ২০২৬”–এর উদ্বোধন ঘোষণা করেন। এবারের প্রভাতফেরিতে প্রায় ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার ও পুষ্পস্তবক নিয়ে অংশ নেয়। উল্লেখ্য, ২০০৬ সালে একুশে একাডেমী অস্ট্রেলিয়া অ্যাশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ করে; সেই থেকে ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর এই প্রভাতফেরির আয়োজন করা হয়।

সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে প্রভাতফেরিতে অংশ নেন। পাশাপাশি নিউক্যাসলক্যানবেরা থেকে আগত সাহিত্যপ্রেমীরাও অংশ নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনেকেই এই আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন।

দুপুর ১টায় সভাপতির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নিউ সাউথ ওয়েলস হেলথ, ইনার ওয়েস্ট কাউন্সিল, ক্যামডেন কাউন্সিল এবং ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল–এর প্রতিনিধিরা অংশ নেন।

মেলায় কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়–এর এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর বড়ুয়া এবং বিশিষ্ট নিউরোলজিস্ট ড. এম শরীফ উদ্দৌলাকে।

পরবর্তীতে একুশে একাডেমীর কার্যকরী ও উপদেষ্টা কমিটির উপস্থিতিতে ড. শাখাওয়াত নয়নের সঞ্চালনায় ‘মাতৃভাষা’ সাহিত্যসংকলনের মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে অস্ট্রেলিয়াপ্রবাসী পাঁচজন কবি-লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি ও পরিবেশনা। সংগঠনের নিজস্ব সাংস্কৃতিক দলসহ বিভিন্ন সংগঠন অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের নেতৃবৃন্দ পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এবং আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭, রবিবার, পরবর্তী বইমেলার তারিখ ঘোষণা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।