‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের আড়ম্বরপূর্ণ সিডনি শুভমুক্তি

‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের আড়ম্বরপূর্ণ সিডনি শুভমুক্তি

আরিফুর রহমান : বাঙালি সংস্কৃতি লালন ও চর্চার ক্ষেত্রে সিডনি নিঃসন্দেহে এক উজ্জ্বল শহর। এখানে গান, আবৃত্তি, নাটক, সিনেমা, মঞ্চনাটক ও লেখালেখি—সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক জীবন্ত সাংস্কৃতিক পরিসর। গতকাল সিডনি তেমনই এক সুন্দর সাংস্কৃতিক মুহূর্তের সাক্ষী হলো। শুভমুক্তি পেল নতুন নাটক ‘Magic Word’।

নাটকটি পরিচালনা করেছেন বাংলা নাটকের খ্যাতিমান অভিনেতা মাজনুন মিজান। তাঁর নির্দেশনায় নাটকটি পেয়েছে সংযত গভীরতা ও নান্দনিক ভারসাম্য।

অভিনয়ে ছিলেন আমাদের কিউট ও দুর্দান্ত অভিনেত্রী রুপন্তী—বরাবরের মতোই দৃষ্টিনন্দন ও সাবলীল। নাটকটিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, দীপা খন্দকার, দেলোয়ার হোসেন, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, নিকোলেৎ, শরীফ এবং শিশু শিল্পী আবেলিয়া। আবেলিয়ার অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। সে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন শিমুল শিকদার, যাঁর চিত্রভাষা নাটকটির আবহকে আরও গভীর ও প্রাঞ্জল করে তুলেছে।

গতকালের প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন সিডনিবাসী সুধীজনেরা। Aus Dream Built–এর সৌজন্যে নাটকটির প্রিমিয়ার শো সিডনির মিন্টুস্থ জমিদার বাড়ি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়। দর্শকসারিতে উপস্থিত ছিলেন নাট্যনির্মাতা জন মার্টিন, নাট্যনির্মাতা শাহিন শাহনেওয়াজ, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ শফিকুল আলম, আবেদা রুচী, কাউন্সিলর এশ রহমান, সাংবাদিক নাইম আব্দুল্লাহ, আবৃত্তিশিল্পী শহিদুল আলম ভাইসহ আরও অনেক গুণীজন।

প্রদর্শনী শেষে দর্শকেরা তাঁদের মতামত ব্যক্ত করেন। প্রবাসের মাটিতে এমন একটি নাটক নির্মাণের মুন্সিয়ানার জন্য তাঁরা নির্মাতা ও অভিনেতাদের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের উপস্থিতি নাটকটির গুরুত্ব ও সাংস্কৃতিক তাৎপর্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। নাটকটি আগামী ১৪ জানুয়ারি বিকাল ৩টায় প্রচারিত হবে চ্যানেল আই-তে।