মঞ্চের আলো ও নাটকের সঙ্গে এই জীবনের পথচলা । শাহীন শাহনেওয়াজ 

মঞ্চের আলো ও নাটকের সঙ্গে এই জীবনের পথচলা । শাহীন শাহনেওয়াজ 
সিডনির মঞ্চে কঞ্জুস নাটকে সহশিল্পীদের সাথে শাহীন শাহনেওয়াজ; ছবি- লেখক।

দ্বিতীয় পর্ব 

আগেই বলেছি, লেখার সঙ্গে আমার সখ্য কখনোই সহজ ছিল না। মানুষ যখন লেখে, তখন সে নিজেকে মেলে ধরে, ভেতরের ঘরের জানালাগুলো একে একে খুলে দেয়। অন্তরের মানুষটিকে সবার সামনে এনে দাঁড় করানোর সাহস আমার কোনোদিন হয়নি।

আমি মূলত মঞ্চের মানুষ। সংলাপ, চরিত্র, আলো-আঁধারির খেলা আর দর্শকের চাপা নিঃশ্বাস, এই নিয়েই কেটেছে আমার জীবন। এর মধ্য দিয়েই নিজেকে খুঁজে পেয়েছি। কাগজে শব্দ সাজিয়ে অনুভূতি বোঝানোর চেয়ে মঞ্চে দাঁড়িয়ে নীরব দুটি চোখে কথা বলাতেই ছিল আমার বেশি স্বস্তি।

গ্রাফিক ডিজাইন : হৃদয় চৌধুরী; প্রচ্ছদে শাহীন শাহনেওয়াজের ছবিটি তুলেছেন- তুমন আহসান। 

তবু আজ কলম হাতে বসেছি। হয়তো বয়স মানুষকে একটু একটু করে বদলে দেয়। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে হঠাৎ টের পাই, বুকের ভেতর জমে থাকা গল্প, স্মৃতি, কষ্ট, না-পাওয়ার বেদনা আর অপূর্ণ স্বপ্নের ভার আর একা বওয়া যাচ্ছে না। তখন ইচ্ছে করে কাউকে বলি, আপনজনদের সঙ্গে ভাগ করে নিই। তাই এ লেখা এক নাট্যকর্মীর জীবন থেকে উঠে আসা কিছু অনুভূতি, কিছু মুহূর্তের গল্প, এক দীর্ঘ পথচলার কথা। সেই মানুষটি বিশ্বাস করত, নাটক কেবল অভিনয় নয়, নাটক মানুষের আত্মার ভাষা।

নাটক শুধু বিনোদন দেয় না। সে আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, অন্যের কষ্টকে বুকে টেনে নিতে শেখায়। একটি জাতির সাংস্কৃতিক আত্মাকে বাঁচিয়ে রাখতে নাটকের ভূমিকা অপরিসীম।

অলিগলির শহরে প্রথম আলো

আমার জন্ম পুরান ঢাকায়। ব্যস্ত অলিগলি, বিকেলের চায়ের দোকানের আড্ডা, মসজিদের আজান আর মানুষের কোলাহল নিয়ে সেই শহর আজও আমার ভেতরে বেঁচে আছে। তার ছিল নিজস্ব এক প্রাণ, আর মানুষে মানুষে ছিল গভীর আন্তরিক বন্ধন। ছোটবেলায় কখনও ভাবিনি, নাটক একদিন আমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। হয়তো পারিবারিক পরিবেশই আমাকে ধীরে ধীরে সংস্কৃতির দিকে টেনে নিয়েছিল।

এ লেখার মূল সুর নাটক। নাটক কীভাবে আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল, সেই গল্পের শুরু আমার শৈশবেই।

আমার বড় ভাই তখন নাটক করতেন। শো থাকলে বাসার সবাইকে সঙ্গে নিয়ে যেতেন। আমার বয়স তখন সাত কি আট। সেই কচি বয়স থেকেই অডিটোরিয়ামের আধো-অন্ধকারে বসে বড় ভাইয়ের নাটক দেখেছি। তখন বাংলাদেশের জন্ম হয়নি, মানচিত্রে আমরা তখনও পূর্ব পাকিস্তান।

সে সময় ঢাকায় নাটক হতো হাতে গোনা কয়েকটি জায়গায়। আজ মহিলা সমিতি, গাইড হাউস, শিল্পকলা একাডেমি, ব্রিটিশ কাউন্সিলসহ কত মঞ্চ, অথচ স্বাধীনতার আগে নাটকের মিলনায়তন ছিল আঙুলে গোনা। স্মৃতির পাতা উল্টে যে নামগুলো খুঁজে পাই, সেগুলো হলো রমনা পার্কের উল্টো দিকের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, ওয়াপদা মিলনায়তন, লক্ষ্মীবাজারের লালকুঠি আর গুলিস্তান ছাড়িয়ে ঠাটারী বাজারের কাছে মাহবুব আলী ইনস্টিটিউট। পুরান ঢাকার মানুষ হয়তো শেষ হলটি চিনতেন। আজ হয়তো তার চিহ্নটুকুও নেই।

পুরো দেশের কথা বলার সাধ্য আমার নেই। আমি শুধু সেই হলগুলোর কথাই বলছি, যেগুলো আমার স্মৃতিতে আজও জেগে আছে। বড় ভাইয়ের নাটক দেখেছি ওয়াপদা মিলনায়তনে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আর মাহবুব আলী ইনস্টিটিউটে।

তখনকার নাটক ছিল পাড়ার নাটক, এলাকার নাটক, কিংবা কোনো অফিস বা সাংস্কৃতিক সংগঠনের আয়োজন। আজকের মতো গ্রুপ থিয়েটারের জোয়ার তখনও আসেনি।

অন্ধকার উইংসের সেই ছোট্ট পথিক

এমনই এক নাটকের দিনে বড় ভাই আমাদের নিয়ে বেরোলেন, সঙ্গে আমার বোনেরা। এক রিকশায়, দুই রিকশায় ঠেসাঠেসি করে পুরান ঢাকার গলি পেরিয়ে পৌঁছালাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। তখনকার চোখে ওটা ছিল এক আধুনিক মঞ্চ, আমার কাছে প্রায় স্বপ্নপুরী।

আমার নাটকজীবনের সত্যিকারের শুরু সেই সন্ধ্যায়। বোনদের পাশে দর্শকের আসনে বসে আছি, নাটক শুরু হয়েছে, একের পর এক দৃশ্য চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। হঠাৎ কী যে হলো! ছোট্ট সেই মাথায় কোন অদৃশ্য ডাক এসে পৌঁছেছিল, আজও জানি না। আমি নিঃশব্দে আসন ছেড়ে উঠলাম। পাশের দরজা দিয়ে পা টিপে টিপে গিয়ে দাঁড়ালাম মঞ্চের উইংসের ধারে। বয়স তখন সাত-আটের বেশি নয়, অথচ নাটক আমাকে এমন টেনেছিল যে নিজের আসনটুকুও আমাকে ধরে রাখতে পারেনি।

উইংসের আড়াল থেকে দেখলাম, মঞ্চে জেগে উঠেছে একটি বস্তি। ফেরিওয়ালা হেঁকে যাচ্ছে, মজুর চলেছে কাজে, কত মানুষের আসা-যাওয়া। সামনে মূল অভিনেতারা সংলাপে দৃশ্যটিকে প্রাণ দিচ্ছেন, আর পেছনের পথ ধরে এ-মাথা থেকে ও-মাথা বয়ে চলেছে মানুষের স্রোত। আমার মনে হলো, এত ভিড়ে আরও একজন মিশে গেলে কেউ টেরও পাবে না। কিছু না বুঝে, কোনো পরিকল্পনা ছাড়াই, বুকের ভেতর অচেনা এক টান নিয়ে আমি সেই চলমান মানুষদের একজন হয়ে উইংসের এ-কোণ থেকে ও-কোণ হেঁটে গেলাম।

সেই ছিল আমার জীবনের প্রথম মঞ্চে ওঠা। তখন আমি কোনো শিল্পী নই, কেউই নই। তবু সেই কয়েক পা হাঁটায় মনে হয়েছিল, আমি যেন সেই নাটকেরই এক সহশিল্পী, আলোর ওপারে দাঁড়ানো ছোট্ট এক অভিনেতা। আজ এত বছর পর পেছনে ফিরে তাকালে বিস্ময়ে থমকে যাই। ওইটুকু একটা শিশুর বুকে কোথা থেকে এসেছিল এত সাহস! হয়তো সেদিনই, সেই অন্ধকার উইংসের পাশে, নাটক নীরবে আমার হাত ধরেছিল। আর আমি সারা জীবনের জন্য তারই হয়ে গিয়েছিলাম, হারিয়ে গিয়েছিলাম এক স্বপ্নের জগতে।

অক্ষরের ফাঁকে ভেসে ওঠা নাম

সেসব নাটকের কত মজার গল্প যে ছোটবেলার স্মৃতির কোণে আজও জমে আছে! আজকের টেলিভিশন বা সিনেমার পর্দায় শেষ দৃশ্যের পর ধীরে ভেসে ওঠে রচয়িতা, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী আর কলাকুশলীদের নাম। কিন্তু মঞ্চনাটকের সেই দিনগুলোতে নামগুলো কীভাবে আসত, জানেন? আমার যতটুকু মনে আছে, আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিই।

তখন নামগুলো হাতে লেখা হতো, তারপর অক্ষরের আকারে কেটে কেটে কার্টআউট করে রাখা হতো একেকটা বোর্ডে। নাটক শেষ হলে সাদা পর্দার পেছনে জ্বলে উঠত আলো, আর সেই আলোর সামনে একটার পর একটা কার্ড ধরা হতো। আলো অক্ষরের ফাঁক গলে পর্দায় পড়ত, আর অন্ধকারের বুকে ধীরে ফুটে উঠত নাম। অভিনেতার নাম, আয়োজকের নাম, যাঁরা পেছনে থেকে নীরবে সব সামলেছেন তাঁদের নাম। সবাই একে একে আলোয় এসে দাঁড়াতেন।

আমাদের বাসায় থরে থরে সাজানো থাকত লেখা সেই কার্ডবোর্ড। আমি অবাক চোখে তাকিয়ে থাকতাম। এখনো চোখ বুজলে দেখতে পাই, আলোর সামনে কার্ড উঠছে আর পর্দায় নামগুলো স্বপ্নের মতো ভেসে উঠছে।

এখন আর এমনটা হয় না। তখনকার নাটক এত পেশাদার ছিল না ঠিকই, কিন্তু তার ছিল অন্য এক সৌন্দর্য। সে ছিল যেন এক উৎসব, যেখানে পাড়ার সবাই মিলে আনন্দে মেতে উঠত। আলো-আঁধারির সেই হারানো দিনের স্মৃতিটুকু তাই আজ আপনাদের হাতে তুলে দিলাম।

মহড়ার আনন্দে বেড়ে ওঠা দিনগুলো

ধীরে ধীরে নাটক আমার জীবনের অংশ হয়ে উঠল। স্কুলজীবনে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই ছিল নাটক, আর মহড়া মানেই আনন্দ। নতুন সংলাপ মুখস্থ করা, বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন, মঞ্চ বানানোর প্রস্তুতি, সবই ছিল এক-একটি ছোট উৎসব। আমাদের এলাকায় প্রতি বছরই নাটক মঞ্চস্থ হতো, দু-একবার সেসব নাটকে আমিও অভিনয় করেছি।

শৈশব-কৈশোর জুড়ে দেখেছি, বড় ভাই বন্ধুদের নিয়ে বসার ঘরে রিহার্সাল করছেন। সুযোগ পেলেই আমি কান পেতে সেই সংলাপ শুনতাম। সেটাই হয়ে উঠল আমার নিত্যদিনের গল্প। এভাবেই নাটক আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলল।

বড় ভাইয়ের বন্ধুদের মধ্যে যাঁদের কথা মনে আছে, তাঁরা হলেন আব্দুল্লাহ ইউসুফ ইমাম, শহীদুল আমিন, আল ইমাম, সৈয়দ আলী আহসান ও বুলবুল আহমেদ। মেজ ভাইয়ের বন্ধুদের মধ্যে ছিলেন আলতাফ হোসেন, ফরীদ আলী ও খান জয়নুল। তাঁরা সবাই আজ এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার বড় ভাই বিরানব্বই বছর বয়সে আজও আপনাদের আশীর্বাদে সুস্থ আছেন।

পর্দায় ভাইকে দেখে অবাক শিশু

আমার সব ভাই-ই নাটকের সঙ্গে জড়িত ছিলেন। আমার সবচেয়ে বড় ভাই পঁচাশি বছর বয়স পর্যন্ত টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।এ প্রসঙ্গে একটা মজার অভিজ্ঞতা বলি। স্বাধীনতার আগে আমাদের বাসায় টিভি ছিল না। একদিন মেজ ভাই তাঁর একটি টিভি নাটক দেখাতে আমাকে নিয়ে গেলেন এক বন্ধুর বাড়িতে। আমি তখন অনেক ছোট। পর্দায় ভাইকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে বসলাম, "আপনি কীভাবে টিভিতে গেলেন? আপনি তো আমার সঙ্গেই বসে আছেন!" শুনে ঘরসুদ্ধ সবাই হো হো করে হেসে উঠেছিল।

খসে পড়া গোঁফের গল্প

আরেকটা মজার ঘটনা বলি। তখন আমি ক্লাস এইট-নাইনে, বড়জোর টেনে, কলেজে ওঠার ঠিক আগের সময়। পাড়ার এক নাটকে আমার চরিত্র ছিল পাকিস্তানি সেনা অফিসারের। মেকআপের অংশ হিসেবে আমার মুখে বসানো হলো এক বিশাল গোঁফ। অবশ্য সেটা কোনো পেশাদার মেকআপ শিল্পীর কাজ নয়, পাড়ার নাটকে অত আয়োজন কোথায়! গোঁফটা কোনোরকমে সেঁটে দেওয়া হয়েছিল।

প্রথম প্রবেশে গোঁফসহ বেশ ভালোভাবেই মঞ্চে গেলাম, বেরিয়েও এলাম। কিন্তু দ্বিতীয়বার মঞ্চে ঢুকতেই বিপত্তি। আলোর নিচে, দর্শকের সামনে, গোঁফের একদিক খুলে ঝুলে পড়ল।

এক মুহূর্ত ভেবে নিয়েই তড়িঘড়ি মঞ্চ থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার ঢুকলাম, এবার গোঁফ ছাড়া। দর্শক তো অবাক! সেনা অফিসারের গোঁফ গেল কোথায়? তখন নিজের সংলাপের মধ্যেই ব্যাখ্যাটা জুড়ে দিলাম। গম্ভীর গলায় বললাম, "গোঁফটা শেভ করে চলে এসেছি।"

এভাবেই সেদিন মান বেঁচেছিল। ছোটবেলার নাটকজীবনে এমন হাস্যকর অভিজ্ঞতা আমার অনেক, অনেক। একটা একটা করে বলব।

ঢাকা কলেজের নাট্যমঞ্চে

স্কুলপর্ব শেষ করে ঢাকা কলেজে ভর্তি হলাম। কলেজের বার্ষিক অনুষ্ঠানে আমরা বন্ধুরা মিলে মঞ্চস্থ করলাম মমতাজ উদ্দিন আহমেদের ফলাফল নিম্নচাপ। ঢাকা কলেজের ইতিহাসে নাটক মঞ্চায়নের ঘটনা খুব কমই আছে। কী আনন্দ নিয়েই না আমরা সেই নাটকে অভিনয় করেছিলাম!

নাটক দেখার অভ্যাস আমার সেই ছোটবেলা থেকেই। তারপর যত বড় হয়েছি, নাটকের সঙ্গে সেই বন্ধন ততই গভীর হয়েছে।

একুশের মেলায় সামিয়ানার নিচে নাটক

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশ উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত বইমেলায় তখন বসত সপ্তাহব্যাপী নাট্য উৎসব। উন্মুক্ত প্রাঙ্গণে সামিয়ানা টাঙিয়ে মঞ্চ তৈরি হতো, আর অগণিত দল তাদের নাটক নিয়ে সেখানে এসে হাজির হতো। আমিও যেতাম সেই মঞ্চে নাটক দেখতে।

স্কুলজীবন, তারপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়, প্রতিটি পর্বেই এই ধারাবাহিকতা ছিল আমার সঙ্গী।

শিল্পকলা একাডেমিও তখন আজকের মতো এত বিশাল ছিল না। তবু সেখানেও নাট্য উৎসব হতো, সারা দেশ থেকে নাটকের দল এসে জড়ো হতো। আমি সেগুলো দেখতেও ছুটে যেতাম।

মহিলা সমিতির মঞ্চে আমার দেখা প্রথম নাটক ছিল আমার ভাইয়ের লেখা বিপন্ন ধারাপাত, ঢাকার বহুবচন নাট্যদলের প্রযোজনা।

 

ঢাকা থিয়েটারের সঙ্গে প্রথম দেখা

ঢাকা থিয়েটারের নাটক দেখেছি একেবারে অল্প বয়সেই। স্পষ্ট মনে আছে, তখন আমি ঢাকা কলেজের প্রথম বর্ষে। আমাদের এক বন্ধু যোগ দিয়েছিল ঢাকা থিয়েটারে। সেই থেকেই এই দলটির প্রতি মনের ভেতর এক আলাদা টান তৈরি হয়।

সেটা ১৯৭৬ কিংবা ৭৭ সালের কথা। শিল্পকলা একাডেমির রাস্তায়, খোলা আকাশের নিচে হয়েছিল ঢাকা থিয়েটারের পথনাটক, আচার্য সেলিম আল দীনের লেখা চর কাঁকড়ার ডকুমেন্টারি। ঢাকা থিয়েটারের স্লোগান ছিল, "নাঁচাও রাস্তা নাঁচাও"। শিল্পকলার উন্মুক্ত প্রাঙ্গণে আমরা সেই নাটক দেখতে গিয়েছিলাম। অভিনয় করেছিলেন ঢাকা থিয়েটারের বিখ্যাত নাট্যকর্মী হাবিবুল হাসান। কী অপূর্ব এক নাটক যে দেখেছিলাম!

এরপর ঢাকা থিয়েটারের জন্ডিস ও বিবিধ বেলুন আর সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ, এই দুটির শো দেখেছিলাম মহিলা সমিতিতে, সেই কত বছর আগে। এতদিন পরও সেই স্মৃতি আমার মনে জ্বলজ্বল করে। এরপর একে একে দেখেছি ঢাকা থিয়েটারের শকুন্তলা, মুনতাসীর, সংবাদ কার্টুন।

এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ঢাকা থিয়েটারের দর্শনীর বিনিময়ে প্রথম প্রদর্শনী হয়েছিল ১৯৭৩ সালে, ঢাকার আউটার স্টেডিয়াম সংলগ্ন লেখক সাংবাদিক সমিতির হলে। শুনলে অবাক হবেন, সেদিন নাটকটি দেখতে এসেছিলেন মাত্র দুজন দর্শক। সেই দুজনকে নিয়েই শুরু হয়েছিল ঢাকা থিয়েটারের পথচলা।

শিল্পকলার নাট্য উৎসব, বাংলা একাডেমির একুশের মেলার নাট্য উৎসব, সবই আমার স্মৃতির গভীরে গেঁথে আছে। নাটকের প্রতি যখন ধীরে ধীরে আরও নিবিষ্ট হয়ে উঠছিলাম, তখন এই অভিজ্ঞতাগুলোই আমার ওপর রেখে গেছে গভীর ছাপ।

কবিতার আসরে একুশের রাত

এই মুহূর্তে আরেকটা কথা বলতে ইচ্ছে করছে, যা ভাবলেই মন আনন্দে ভরে ওঠে। একুশে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির সেই মঞ্চে বসত উন্মুক্ত কবিতা পাঠের আসর। যাঁরা সেই সময় দেখেছেন, তাঁরা জানেন, বাংলাদেশের প্রায় সব বিখ্যাত কবি সেখানে নিজের কবিতা পড়তেন। সারা দেশ থেকে কবিরা আসতেন, মঞ্চে উঠে শোনাতেন নিজের লেখা। সেই আসরের দৃশ্য আজও আমার স্মৃতিতে ভাসে। শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, হুমায়ুন আজাদ, মোহন রায়হান, আসাদ চৌধুরি, লুৎফর রহমান রিটন, আরও কত নাম যে এখনও মনের ভেতর ভেসে ওঠে!

এসব কথা লিখছি, কারণ এগুলো আমার স্মৃতিতে আটকে আছে। সেই দিনগুলো আজ আর আগের মতো নেই। হয়তো সেই কারণেই স্মৃতিগুলো আমার কাছে এখনো এত উজ্জ্বল।

চলবে…

শাহীন শাহনেওয়াজ : অভিনেতা, নাট্যনির্দেশক ও আবৃত্তিকার। প্রায় ৩৭ বছর ধরে সিডনিতে বসবাস করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে নাট্যাচার্য সেলিম আল দীনের সান্নিধ্যে নাট্যচর্চায় যুক্ত হন। বাংলাদেশে টানা ১০ বছর ঢাকা থিয়েটারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন।অভিনয় করেছেন ‘‘কিত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল, শকুন্তলা, ফনীমনসা, মুনতাসীর ফ্যান্টাসি' সহ অসংখ্য উল্লেখযোগ্য প্রযোজনায়। বর্তমানে সিডনিতে ‘সখের থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা হিসেবে নাট্যচর্চা ও আবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছেন। 

প্রবাসের মাটিতে নাট্যচর্চাকে এগিয়ে নিতে নিজের নির্দেশনায় মঞ্চে এনেছেন ‘কিত্তনখোলা’, ‘স্বপ্নবিলাস’, ‘কঞ্জুস’সহ বিভিন্ন নাটক। সিডনি বৈশাখী মেলা, সিডনি অমর একুশে বইমেলাসহ নানা সাংস্কৃতিক আয়োজনে নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিনি প্রবাসে বাংলা নাটকের চর্চাকে সমৃদ্ধ করে চলেছেন।